চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় চুয়েটগামী বাস থামিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল কুদ্দুস চৌধুরীকে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। হামলাকারীরা তাকে ছাত্রলীগ ও শিবিরের ট্যাগ দিয়ে মারধর করেন বলেও জানান ওই শিক্ষার্থী।
আমিনুল কুদ্দুস চৌধুরী জানান, সোমবার আন্দোলনে যোগ দিতে তিনি চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে চুয়েটগামী বাসে ওঠেন। পথে মধুনাঘাট এলাকায় বাসটি থামানো হলে কী হয়েছে, তা দেখতে তিনি বাস থেকে নিচে নামেন। পরিস্থিতি সম্পর্কে আগে থেকে কোনো ধারণা ছিল না তার।
তিনি বলেন, এ সময় কাউকে ফোন করার জন্য মোবাইল বের করতেই একদল লোক তাকে ঘিরে ধরে। এরপর তাকে হেনস্তা করা হয় এবং জামাকাপড় ধরে টানাটানি করা হয়। একপর্যায়ে চুল ধরে টানাটানি ও মারধর করা হয়। তাকে সেখান থেকে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

আমিনুল আরও জানান, পরিস্থিতি খারাপ হয়ে উঠলে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে সহায়তা করেন এবং নিরাপদে সরিয়ে নেন। তাদের সহযোগিতায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে জানান ওই শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, চুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে চুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


