ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, শহীদ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবের দর্শন মানবিকতা, যুক্তিবাদ ও নৈতিক মূল্যবোধের চর্চায় অনুপ্রেরণা জোগায়। তার দর্শনে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ প্রতিফলিত হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত দেব স্মারক বক্তৃতা ২০২৩ ও ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি সত্ত্বেও বিশ্বে শান্তি, নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধের সংকট রয়েছে। তাই জ্ঞান ও বৈষয়িক সমৃদ্ধির পাশাপাশি নৈতিক উৎকর্ষ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার বিকাশ জরুরি। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মর্যাদা জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ এবং স্বাধীন ও যুক্তিনিষ্ঠ চিন্তার পরিবেশের ওপর নির্ভর করে।
অনুষ্ঠানে ‘সূফী দর্শনের সর্বজনীনতা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা ২০২৩ দেন দর্শন বিভাগের অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। ‘লেখাপড়া পড়াশোনা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা ২০২৪ দেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজ সালেকীন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, স্মারক বক্তৃতা কেবল কোনো মনীষীকে স্মরণ করার আনুষ্ঠানিকতা নয়; বরং তার চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ। গোবিন্দচন্দ্র দেবের জীবন ও দর্শন দেশপ্রেম, মানবিকতা ও যুক্তিনিষ্ঠ চিন্তার অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের পরিচালক ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান। শুরুতে শহীদ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


