‘ককরোচদের’ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কিছুক্ষণ আটক থাকার পর মুক্তি পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ অনুযায়ী, আটক আইনজীবীদের মুক্তিতে হস্তক্ষেপ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এরপরই মুক্তি পান তারা।
শনিবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে থেকে বহু আইনজীবীকে আটক করা হয়। ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানায়, প্রাক্কলিত খবর অনুযায়ী প্রায় ১০০ জন আইনজীবীকে আটক করা হয়েছিল। আইনজীবীদের ধরপাকড়ের বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। দাবি করা হয়, তাদের আটক করে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ অবস্থায় আটক আইনজীবীদের মুক্তিতে হস্তক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সলিসিটর জেনারেল তুষার মেহতাও এতে সাহায্য করেন। পরবর্তী সময় তাদের ছেড়ে দেওয়া হয়।
‘লাইভ ল’ জানায়, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হয়। সংগঠনটি জানায়, আইনজীবীদের মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
সিজেপির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দিল্লিতে কড়া নিরাপত্তা জারি করে পুলিশ। যন্তর মন্তরের আশপাশের এলাকা বহুস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। কর্মসূচির প্রতিটি মুহূর্ত ধারণ করতে নিয়োজিত করা হয় ভিডিওগ্রাফার ও আলোকচিত্রীদের। বহু পুলিশ সদস্যের গায়ে বিশেষ ক্যামেরা বসানো হয়। সকাল থেকে যন্তর মন্তরের আশপাশে সমাবেশের চেষ্টা করলেই পুলিশ আটক অভিযান চালায়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বহু আইনজীবী আটক হলে পরবর্তী সময় বার অ্যাসোসিয়েশনের আবেদনে প্রধান বিচারপতি হস্তক্ষেপ করেন।


