ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের জন্য দীর্ঘদিনের নির্ধারিত স্থান যন্তর মন্তরকে তালিকা থেকে বাদ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পরিবর্তে নতুন তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে।
সেগুলো হলো- রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত কেন্দ্রীয় এলাকায় অবস্থিত যন্তর মন্তরে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।
সোমবার দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরোধী ইন্ডিয়া জোট এবং সরকারবিরোধী ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের মধ্যেই এ সিদ্ধান্ত এল।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়ে বিতর্কের জেরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মধ্য দিল্লিতে বিক্ষোভ চালিয়ে আসছে বিরোধী জোট ও তরুণ ছাত্রজনতার সংগঠনটি।
বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় সরকারের এ ঘোষণাকে গণতান্ত্রিক আন্দোলন বন্ধের চেষ্টা হিসেবে সমালোচনা করতে পারে আন্দোলনরত বিরোধী দলগুলো। কারণ, দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
তবে কর্তৃপক্ষের দাবি, এ সিদ্ধান্তের ফলে যন্তর মন্তর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কমতে পারে। যন্তর মন্তর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সরকারি ভবনের কাছাকাছি অবস্থিত হওয়ায় ওই এলাকায় বিক্ষোভ কর্মসূচির কারণে সাধারণ মানুষকে যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়।
এ বিষয়ে দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমারের সই করা এক আদেশে বলা হয়েছে, ‘কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের নতুন স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, নতুন তিনটি স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য আলাদাভাবে একটি আদর্শ পরিচালন পদ্ধতি বা নির্দেশিকা জারি করা হবে।


