একসময় এমভি কাফেলা-১ সমুদ্রপথে পণ্য ও যাত্রী পরিবহন করত। উত্তাল জলরাশির বুক চিরে ছুটে যেত এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে। কিন্তু ২০১৬ সালে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের চরে আটকে পড়ে।
এরপর কেটে গেছে ১০ বছর।
সমুদ্রের ঢেউ আর জোয়ার-ভাটার সঙ্গে প্রতিদিনের লড়াইয়ে জাহাজটির লোহার শরীর ধীরে ধীরে ক্ষয়ে গেছে। লবণাক্ত পানির অবিরাম আঘাতে মরিচা ধরেছে কাঠামোয়। একসময়কার শক্তিশালী জাহাজটি সময়ের পরিক্রমায় পরিণত হয়েছে ভাঙাচোরা, ক্ষয়ে যাওয়া এক ধাতব কাঠামোয়।
একপর্যায়ে মাঝবরাবর ভেঙে দুই ভাগ হয়ে যায় কাফেলা-১।

এখন জাহাজটির দুই পাশে বালু জমতে শুরু করেছে। ধীরে ধীরে জাহাজটিকে ঘিরে জেগে উঠছে নতুন চর। মনে হয়, পরিত্যক্ত জাহাজটিকে কেন্দ্র করে প্রকৃতি নিজেই যেন গড়ে তুলছে এক নতুন ভূদৃশ্য।
ভাটার সময় যেই দৃশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে।
জাহাজটির ভাঙা কাঠামোর চারপাশে জেগে ওঠা চরে এসে জড়ো হয় ছোট ছোট মাছ ধরার নৌকা।

জেলেরা নৌকা থেকে পণ্যসামগ্রী নামান, তারপর আবার ফিরে যান সমুদ্রের বুকে।
একসময় যেখানে একটি বিশাল জাহাজ আটকে পড়েছিল, এখন সেখানে গড়ে উঠেছে জেলেদের প্রতিদিনের জীবন-জীবিকার ছোট্ট এক কর্মক্ষেত্র।
এখন জাহাজটির ভেতর দিয়েও সমুদ্রের পানি বয়ে যায়। লোহার পাতের ফাঁক, মরিচা ধরা কাঠামো আর ভাঙা অংশগুলো যেন নীরবে বলে যায় দীর্ঘ সময়ের ক্ষয় আর পরিবর্তনের গল্প।
দূর থেকে দেখলে মনে হয়, জাহাজটিকে এখন যেন আর কোনো স্বতন্ত্র বস্তু নয়। এটি পতেঙ্গার সমুদ্র, চর, নৌকা আর মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে একাকার হয়ে। ভাঙা জাহাজটি দেখতে দর্শনার্থীরাও কিছুটা থেমে যান। কেউ কেউ তুলে নেন ছবি।

পেছনে চট্টগ্রাম শহর, সামনে বঙ্গোপসাগর, আর মাঝখানে প্রায় হারিয়ে যেতে বসা একটি জাহাজ—যেন ধ্বংস আর পরিবর্তনের এক জীবন্ত চিত্রক্যানভাস।
একসময় সমুদ্রযাত্রার সঙ্গী কাফেলা-১ আজ পতেঙ্গা সৈকতের ভূদৃশ্যেরই এক অবিচ্ছেদ্য অংশ।

যে জাহাজ একসময় ছিল গতির প্রতীক, আজ তা হয়ে উঠেছে রূপান্তর আর সময়ের প্রতীক। তার ভাঙাচোরা অস্তিত্ব যেন মনে করিয়ে দেয়–ধ্বংসস্তূপের মধ্যেও জীবন থেমে থাকে না। বরং সেখান থেকেই গড়ে ওঠে নতুন কিছু, জন্ম নেয় নতুন সম্ভাবনা।


