অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সময় সোমবার বিমানবন্দরের লবি দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করেন ও চিৎকার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের কেউ কেউ ইউনূসের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে, ওই ব্যক্তিদের ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার ও গণতন্ত্র ক্ষুণ্ন করার অভিযোগ তুলতে দেখা যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস হুইলচেয়ারে বসে ছিলেন। সেই সময় কয়েকজন তার কাছে গিয়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন।
ভিডিওতে এক ব্যক্তিকে তার উদ্দেশে বারবার বলতে শোনা যায়, ‘আপনি এখানে কেন এসেছেন?’ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ইউনূসের সফরসঙ্গীরা তাকে বিমানবন্দরের ভেতরে আরও নিরাপদ একটি স্থানে নিয়ে যান।


