মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সৌদি আরবে থাকা বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সাথে সবাইকে সেদেশের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকার যেসব নির্দেশনা দিচ্ছে, সবাইকে তা ঠিকমতো মেনে চলতে হবে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের জনবহুল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে নিজেদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে সাবধানে চলাফেরা করতে বলা হয়।
দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ছবি তোলা, ভিডিও করা বা তথ্য আদান-প্রদান করা সৌদি আইনে অপরাধ। তাই ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার)-সহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি বা ভিডিও ছাড়া যাবে না। এমনকি মোবাইল ফোনে এসব সংরক্ষণ করা বা অন্যদের কাছে পাঠানো থেকেও দূরে থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে কল করতে বলা হয়েছে।


