কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে পুলিশের দুই সদস্য আটক হয়েছেন। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে নেওয়া হয়। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালনের সময় শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশ দেখে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তে থাকা ভারতীয় নাগরিকেরা তাকে আটক করেন।
পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়। বর্তমানে দুই পুলিশ সদস্য ভারতীয় সীমান্তে রয়েছেন বলে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।


