‘বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে’

‘বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে’
Advertisement
Advertisement

বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দল তাদের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অতি আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপি প্রমাণ করেছে, আমরাও আপনাদেরই মানুষ। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন, তারা কোনো দলের দাসত্ব করেন না। তারাও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন। আমরা তাদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চাই।’

আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাড়িয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে বিরোধী দলের এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘বিএনপি ডামি নির্বাচনে বিশ্বাস করে না। জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করে এরপর ভোট চাইতে যাবে দলটি। জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে বসবে। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বিএনপি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad