ঢাকায় যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি

ঢাকায় যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভুটানের থিম্পু যাওয়ার পথে রোববার ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার যাত্রাবিরতি এখনো নিশ্চিত না হলেও প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সম্ভাব্য সফর ঘিরে শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ইনফান্তিনো ঢাকায় এলে দ্রুত অভিবাসন ও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করাই তার উদ্দেশ্য।

বাফুফে সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর ও অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের সময় ইনফান্তিনোর সঙ্গে বাফুফে কর্মকর্তাদের যোগাযোগ হয়। টুর্নামেন্টে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সেবুল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় ইনফান্তিনো ভিআইপি লাউঞ্জে অবস্থান করলে তার সঙ্গে দেখা করবেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। এ সময় আঞ্চলিক ফুটবল নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে তাদের।

ইনফান্তিনোর যাত্রাপথ ও যাত্রাবিরতির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে তার সম্ভাব্য আগমন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বাফুফে। ভুটানে সরাসরি ফ্লাইটের সুযোগ সীমিত হওয়ায় যাত্রীরা প্রায়ই সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের বিভিন্ন বিমানবন্দর হয়ে যাতায়াত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad