মা ইলিশ সংরক্ষণে দেশের দক্ষিণাঞ্চলে নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি নানা জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
রোববার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ সংরক্ষণে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে কোস্ট গার্ড।
চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এ সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড দক্ষিণ জোন তার আওতাধীন নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।
টহল ও অভিযানের পাশাপাশি জেলেদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভা করা হচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান চালিয়ে অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য’–এই প্রতিপাদ্য সামনে রেখে দেশের সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সকলকে সরকারি নির্দেশনাবলি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন বা যেকোনো অনিয়মের তথ্য সরাসরি জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


