সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকার উদ্বেগ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকার উদ্বেগ
Advertisement
Advertisement

বাংলাদেশকে আগাম কোনো তথ্য না দিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করায় রিয়াদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

রোববার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহকে ডেকে তার কাছে  উদ্বেগ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।  তিনি রাষ্ট্রদূতকে চা পানের আমন্ত্রণ জানান।

গত বুধবার সৌদি সরকারের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি প্রথম জানতে পারে ঢাকা। আগেই কূটনৈতিক উপায়ে এ বিষয়ে কোনো তথ্য না দেওয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রিয়াদ ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো ইতিমধ্যেই সৌদি কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। রোববারের বৈঠকে রাষ্ট্রদূতের কাছে সরাসরি বিষয়টি আবারও উত্থাপন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আমরা স্পষ্ট করে জানিয়েছি যে, মৃত্যুদণ্ড কার্যকরের আগেই বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা উচিত ছিল।’

আরও পড়ুন

আগাম তথ্য না পাওয়ার এই ঘটনাটি সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের খবর সময়মতো পাওয়ার ক্ষেত্রে রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা নিয়েও সংশয় ও উদ্বেগ তৈরি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সৌদি আরব বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য অন্যতম প্রধান গন্তব্য এবং দেশের রেমিট্যান্সের মূল উৎস। দেশটিতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া নাগরিকসহ সকল বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি রিয়াদে অবস্থিত কূটনৈতিক মিশনগুলোর অন্যতম প্রধান দায়িত্ব।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তির অপরাধের ধরণ কিংবা মামলা চলাকালীন সময়ে বাংলাদেশ মিশন পূর্বে কোনো তথ্য পেয়েছিল কি না—সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad