কেন ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

কেন ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সৌজন্য সাক্ষাৎ। ছবি: বাফুফে
Advertisement
Advertisement

‎‎মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোমবার দুপুরে ঢাকায় পৌঁছান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।

‎তবে জিয়ান্নি ইনফান্তিনোর এই আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি নিয়েছেন তিনি।

‎হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখানে তার সঙ্গে বাফুফে সভাপতির সৌজন্য সাক্ষাৎও হয়েছে। এ সময় বাফুফের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‎ঢাকায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের সংক্ষিপ্ত এ অবস্থানকে ঘিরে বাংলাদেশের ফুটবল অঙ্গনে আগ্রহ তৈরি হলেও আপাতত তার সফরসূচিতে দেশের ফুটবল নিয়ে আনুষ্ঠানিক কোনো বৈঠক বা কর্মসূচির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ফিফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাফুফে সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যরাবাফুফে

চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিফা আসিয়ান কাপের ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। সেখানে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, পুরুষ ও নারী ফুটবল, বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং ফিফার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের ফুটবলে ফিফার সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

ফিফার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ ফুটবল অবকাঠামো, কোচ, রেফারি তৈরিসহ নানা ক্ষেত্রে সহায়তা পেয়ে থাকে। ইনফান্তিনোর এই যাত্রাবিরতিতে আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও ফিফার সঙ্গে বাফুফের সম্পর্কের প্রেক্ষাপটে তার ঢাকায় আগমনের বিষয়টি তাই তাৎপর্যপূর্ণ।

তা ছাড়া আগামী বছর মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন ইনফান্তিনো। ঢাকায় সংক্ষিপ্ত অবস্থানকে তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad