দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে পর্যাপ্ত মাঠ ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। খেলোয়াড়দের পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বিজয়ীদের অভিনন্দন জানান। সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মাঠ নির্মাণ ও কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে সিলেট সিটি করপোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিকের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


