প্রথম পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩৩-২০ ব্যবধানে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ১২ গোলের সুবিধাই বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের জয় নিশ্চিত করে।
ম্যাচের প্রথমার্ধে ১৭-৫ গোলে এগিয়ে থেকে আধিপত্য বিস্তার করে স্বাগতিকেরা। দ্বিতীয় অর্ধে মালদ্বীপ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৫ গোল করলেও বাংলাদেশও সমান ১৭ গোল আদায় করে নেয়। ম্যাচে একাই ৮ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।
টুর্নামেন্টে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে পথচলা শুরু করেছিল আনা আলোনসো ফ্রাগুয়ার দল। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ ব্যবধানে পরাজিত হয় তারা। ফাইনালের সমীকরণে লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ৩ ম্যাচে ২ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের ম্যাচে লড়াই করবে মালদ্বীপ ও নেপাল।


