পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। এসব দেশে পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শুক্রবার ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। পাহাড়কে অশান্ত করতে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী প্রতিবেশী দেশের সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে। পাহাড়ের স্থিতিশীলতা বজায় রাখতে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। পাহাড়ের নিরীহ বাসিন্দারাও শান্তি ও স্থিতিশীলতা চান। সরকার কোনোভাবেই এই বিশৃঙ্খলা সহ্য করবে না।’
ভারতের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে বিএনপি, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলছেন। অথচ নির্বাচনের আগে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের নেতাদের গোপন বৈঠক হয়েছিল বলে দাবি করেন তিনি।
রাশেদ খান আরও অভিযোগ করেন, জামায়াত এখনও ভারতের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে। ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর উদ্দেশ্যে দলটি অপতৎপরতা শুরু করেছে।
জামায়াতের খুলনা বিভাগীয় লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, দলটি এর আগে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর অভিমুখে লংমার্চ করেছে। তবে জামায়াত ও এনসিপির এসব কর্মসূচি জনগণ গ্রহণ করেনি। খুলনার লংমার্চও সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘জামায়াত জনগণের কল্যাণে কোনো কর্মসূচি দেয় না। তাই তাদের লংমার্চ নিয়ে সরকার কিছু ভাবছে না।’
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রসঙ্গে রাশেদ খান বলেন, আগে তিনি আওয়ামী লীগের বিরোধিতা করতেন। অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি ও জামায়াতের সমালোচনাও করতেন। তখন বিএনপির প্রতি তার সমর্থন ছিল। তবে বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেন রাশেদ খান।
তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার একটি থানায় গিয়ে রুমিন ফারহানা ওসিকে ‘চোর’ বলে মব সৃষ্টি করেছেন। তার ভাষ্য, রুমিন ফারহানা রাজনৈতিকভাবে বিএনপি থেকে ছিটকে পড়েছেন।
এর আগে ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খান। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


