নওগাঁর মান্দা উপজেলায় একটি অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে নানা গুঞ্জন ও আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে এই মাইকিংয়ের ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালানো হয়। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম, আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ঘটনাটি গতকালের। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


