নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ৮ সেনা নিহত

নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ৮ সেনা নিহত
বোকো হারামের দখল থেকে মুক্ত হওয়ার পর নাইজেরিয়ার গোওজায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন দেশটির সেনাসদস্যরা। ২০১৫ সালের ৮ এপ্রিল শহরটির একটি তল্লাশিচৌকিতে তাদের দায়িত্ব পালনের সময়। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

নাইজেরিয়ায় ক্যামেরুন সীমান্তের কাছে ইসলামিক স্টেটপন্থীদের (আইএস) পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর অন্তত আটজন সদস্য নিহত হয়েছেন। সেনাসদস্যদের বহনকারী একটি টহল গাড়ি আইএসের পেতে রাখা স্থলমাইনটির সংস্পর্শে এলে এই বিস্ফোরণটি ঘটে।

শনিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে এই ঘটনাটি ঘটে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনীর সূত্র রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

কাকতালীয়ভাবে একই দিনে রাজ্যের রাজধানী মাইদুগুরিতে সফরে যান দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইদি শাইবু। কয়েক দিন আগে একটি সামরিক ঘাঁটিতে উগ্রবাদীদের হামলায় ১৫ সেনা ও জঙ্গিবিরোধী মিলিশিয়া বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় সার্বিক খোঁজখবর নিতে ও পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি সেখানে গিয়েছিলেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, সর্বশেষ হামলার সময় সেনাসদস্যরা গামবোরু শহরের বাইরে একটি মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন। মূলত জঙ্গিবিরোধী স্থানীয় মিলিশিয়া সদস্যরা ওই পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছিলেন এবং সেনারা তাদের নিরাপত্তা ও তদারকির দায়িত্বে ছিলেন।

এ সময় সেনাসদস্যদের টহলযানটি মাটিতে পুঁতে রাখা ওই স্থলমাইনের ওপর উঠে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে যানটিতে থাকা আটজন আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

সামরিক কর্তৃপক্ষ এই হামলার জন্য ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সকে (আইএসডব্লিউএপি) দায়ী করেছে। ওই সীমান্তবর্তী অঞ্চলে গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad