কানাডার আলবার্টা প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ওয়েনরাইটে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এতে কতজন নিহত বা আহত হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ।
রয়টার্সের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘাঁটিটিতে আগুন জ্বলছিল।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি শনিবার অটোয়ায় সাংবাদিকদের বলেন, ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে একটি ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনা তার মনে পড়ে না।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। কানাডার সামরিক বাহিনী ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) ঘটনাটি তদন্ত করছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এ ঘটনায় কেন্দ্রীয় সরকার আলবার্টা প্রাদেশিক সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
জনশুমারির তথ্য অনুযায়ী, ২০২১ সালে ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ১ হাজার ৩১০ জন সামরিক ও বেসামরিক কর্মী নিয়োজিত ছিলেন। প্রায় ৬ হাজার ৬০০ জনসংখ্যার ওয়েনরাইট শহরটি ঘাঁটির উত্তরে অবস্থিত।
স্থানীয় পৌর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আগুন ঘাঁটির সীমানাপ্রাচীর পেরিয়ে পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কাউকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
কানাডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল জেনি ক্যারিগন জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনী কেন্দ্রীয়, প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি বলেন, সামরিক সদস্য, তাদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।


