যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে শিশু-কিশোরদের ফুটবল খেলা চলাকালে মাঠে ট্রাক তুলে দেওয়ার ঘটনায় ছয় বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এপির খবরে জানা যায়, নিহত অন্য ব্যক্তির বয়স ৩৫ বছর। আহতদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। ট্রাকচালক ৩৪ বছর বয়সী এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস এই তথ্য নিশ্চিত করেন। তবে তিনি ইচ্ছাকৃতভাবে ট্রাকটি মাঠে তুলেছিলেন কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।
মোজেস বলেন, কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ট্রাকটিতে আরও দুটি শিশু ছিল বলেও জানান তিনি।
উইচিটা পুলিশের প্রধান জো সুলিভান বলেন, জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন আহতদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এটি সত্যিই অসাধারণ এবং উইচিটার মানুষের মানসিকতার পরিচায়ক।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের জন্য নতুন করে কোনো হুমকি নেই।
উইচিটার মেয়র লিলি উ তদন্ত চলাকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার, বিশেষ করে শিশু ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।


