কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে দু’পক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনায় কুমিল্লা মহানগরী শাখার বর্তমান সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে মহানগরী শাখাকে কেন্দ্রীয় তত্ত্বাবধানে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবারের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও বলা হয়, কুমিল্লা মহানগরী কার্যালয়ে বুধবার সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে কুমিল্লার সার্বিক পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা শেষে কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দলের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের বর্তমান সাংগঠনিক কমিটি ও ইমারাত বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাখাটির কার্যক্রম কেন্দ্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এ জন্য দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে কুমিল্লা মহানগরী শাখার তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, বুধবার কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভা চলাকালীন দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।


