বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ, দোষীদের গ্রেপ্তারে আলটিমেটাম

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ, দোষীদের গ্রেপ্তারে আলটিমেটাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা। তাদের দাবি, ভিডিও ফুটেজে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করছিলেন। তবে ভিডিওতে তাদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এমএসএ মাহমুদ বলেন, ‘বুধবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে বিষয়টি জানতে পারি। পরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এনসিপির জেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারও নাম বলা কঠিন। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারে তারা প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি জানান, এনসিপির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad