স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় নতুন বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলামের সই করা চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও এ চিঠি পাঠানো হয়।
নতুন এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজ, সেবা গ্রহণ ও পণ্য কেনার নতুন দরপত্র ও ক্রয়প্রক্রিয়া বন্ধ থাকবে।
তবে ইতিমধ্যে কার্যাদেশ পাওয়া কাজ কিংবা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একই সঙ্গে নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি। ফলে এই স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে স্পষ্ট করা হয়নি।


