আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী এবং তাদের ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনটি আলাদা নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা দুদকের কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস।
দুদক সূত্রে জানা যায়, মামলায় সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি এই সম্পদ অর্জন করেন। এর মধ্যে তার সম্পদ পাওয়া গেছে ২ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৭০৪ টাকা এবং বৈধ আয় পাওয়া গেছে ১ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ১০৪ টাকা।
তার স্ত্রী আখতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামীর সহায়তায় এই সম্পদ অর্জন করেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। তাই এই মামলায় আবদুল কাদের মির্জাকেও আসামি করা হয়েছে।
আবদুল কাদের মীর্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিক ওরফে তাশিক মির্জার বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি পেশায় একজন ছাত্র হলেও বাবার সহায়তায় এই সম্পদ অর্জন করেন। ফলে এই মামলায়ও বাবা আবদুল কাদের মির্জাকে সহযোগিতাকারী হিসেবে আসামি করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর এই মামলাগুলো করা হয়। তদন্তের সময় ঘটনার সাথে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন এর উপ- সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী।


