চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
মঙ্গলবার ভোর ৪টার দিকে জীবননগর কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকদিন যাবত এদিক-ওদিক ঘুরে বেড়াতেন। পরে ভোরের দিকে স্থানীয়রা তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জীবন থানা অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, ‘ওই নারীর মরদেহ আপাতত জীবননগর থানায় রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


