সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকার সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের রাকিব শেখ (১৮), মুলিবাড়ি গ্রামের নাজমুল আকন্দ (১৯) ও শরিফুল ইসলাম (১৮)।
পুলিশ জানায়, আটক ছয়জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এমন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছয়জনকে আটক করা হয়েছে। তবে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি, বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।


