খুলনায় এক পুলিশ পরিদর্শকের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনার পর পুলিশ সদস্যদের রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে এবং ধারাবাহিক হামলার আশঙ্কা এড়াতে এই নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাগুলো পর্যালোচনা করে জানানো হয়, বিশেষ অভিযান কিংবা অন্য যেকোনো দাপ্তরিক দায়িত্ব পালনকালে রাতের বেলায় কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়। এই নির্দেশনার অনুলিপি ইতিমধ্যে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দপ্তরে পাঠানো হয়েছে।


