রাজধানীর তুরাগে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালে তুরাগ থানার একটি আভিযানিক দল তুরাগ থানাধীন খালপাড় ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


