চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. বকুল উদ্দীন মিল্টন। তিনি সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিল্টন হাবিবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার রাতে হাবিবপুর গ্রামে অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।


