চট্টগ্রাম নগর পুলিশের খুলশী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে এবার খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যে তাকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের বিশেষ শাখা সিটিএসবিতে পদায়ন করা হয়েছিল। এবার সেখান থেকেও তাকে সরিয়ে খুলনায় পাঠানো হলো।
পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে আবদুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। গত ৮ অক্টোবর এ আদেশ জারি করা হয়। শনিবার সিএমপি সদর দপ্তরে আদেশের কাগজপত্র পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হয়।
আদেশে বলা হয়েছে, ১০ অক্টোবরের মধ্যে তাকে সিএমপি থেকে অবমুক্তির আদেশ নিতে হবে। তা না হলে ১১ অক্টোবর থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
পুলিশের তালিকাভুক্ত অপরাধী হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের উদ্যোগ এবং এ বিষয়ে মেয়র শাহাদাত হোসেনের বক্তব্যের পর নগর পুলিশের ভূমিকা নিয়ে আলোচনার মধ্যে আবদুর রহিমের এই বদলি হলো।
গত ৭ অক্টোবর ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়ে পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন মেয়র শাহাদাত হোসেন। এর পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেয়রের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে সিটিএসবিতে পদায়ন করা হয়। এবার সেখান থেকেও তাকে অন্যত্র বদলি করা হলো।
পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াকিল হোসেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বগা বা বিহারি বগা নামেও পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসংক্রান্ত অপরাধ ও মারধরের অভিযোগসহ ২৩টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


