ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দেওয়ার সময় মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও মানবাধিকারকর্মী তুষার অরুণ গান্ধীকে আটক করেছে মুম্বাই পুলিশ।
শনিবার দুপুরে সিজেপির অফিশিয়াল এক্স পোস্টে তাকে আটকের তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়, ‘এখন বোঝা যাচ্ছে, ব্রিটিশরা কেন গান্ধীর অহিংস আন্দোলনকে এত ভয় পেত।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে ককরোচ জনতা পার্টি।
শনিবার দেশটির রাজধানী দিল্লির যন্তর মন্তরসহ এক যোগে বড় শহরগুলোতে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। তাদের সমর্থন দিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধী ও তার সহযোগীদের আটক করে মুম্বাই পুলিশ। পরে তাদের ডিএন নগর থানায় নেওয়া হয়।
অবশ্য মুম্বাই পুলিশ জানিয়েছে, তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, কেবল আটক করা হয়েছে।
তুষার অরুণ গান্ধী একজন লেখক, মানবাধিকারকর্মী ও সমাজকর্মী। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ও কস্তুরবা গান্ধীর প্রপৌত্র। তার বাবা অরুণ মণিলাল গান্ধী এবং তার দাদা মণিলাল গান্ধী ছিলেন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ছেলে।
ককরোচ জনতা পার্টি আরও অভিযোগ করে, সংগঠনের নীতিবিষয়ক প্রধান মেহর পাসরকেও আটক করেছে দিল্লি পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দেশের সেবা করার উদ্দেশ্যে সম্প্রতি ভারতে ফিরে আসেন এবং ককরোচ জনতা পার্টির সঙ্গে যোগ দেন।
আটকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মেহর বলেন, ‘ভারতের তরুণ প্রজন্মের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। আমরা আপনার স্বৈরশাসন মেনে নেওয়ার যোগ্য নই!’
আটক কড়া হয়েছে সরকারবিরোধী ব্যঙ্গধর্মী সংগঠনটির আইনবিষয়ক প্রধানকেও। তাকে একটি গাড়ির ভেতরে আটকে রেখে সেটি ঘিরে রেখেছেন পুলিশের উপকমিশনারসহ অন্তত ৩৫ জন পুলিশ সদস্য। তিনি গাড়ি থেকে নামতে চেষ্টা করলেও তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এর আগে শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ভেতর থেকে করোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দুই শীর্ষ সংগঠক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দিল্লি পুলিশ। তার কিছু সময় আগে বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টাকালে দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং ককরোচ জনতা পার্টির নেতা রত্না সিংসহ অন্তত ১২শ বিক্ষোভকারীকে আটক করা হয়।


