কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে সাজুলের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়।
তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোহিদ হাসান তুহিন জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ করলে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা গুলি চালায়।
এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনিকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজিত হয়ে স্থানীয় বাংলাদেশিরা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।


