বছর কয়েক আগে গাজী মাজহারুল আনোয়ারের বাসায় একটি আয়োজনের স্মৃতি এখনো সযত্নে মনে রেখেছেন সংগীতশিল্পী, উপস্থাপক ও সমাজকর্মী দিঠি আনোয়ার ও অভিনেত্রী পপি।
দিঠির বাবা গাজী মাজহারুল আনোয়ার ছিলেন উপমহাদেশের অন্যতম খ্যাতিমান গীতিকার, প্রযোজক, পরিচালক ও গল্পকার। নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রের অনেক শীর্ষ অভিনেত্রী তার পরিচালিত সিনেমায় কাজ করতে আগ্রহী ছিলেন।
তাদের মধ্যে ছিলেন মৌসুমী, শাবনূর, পপি ও পূর্ণিমা। মৌসুমী তার পরিচালনায় একাধিক সিনেমায় অভিনয় করেন। পপি অভিনয় করেন মাত্র একটি সিনেমায়। সিনেমাটির নাম ‘রাগী’।
‘রাগী’ সিনেমায় নায়ক রাজ রাজ্জাক, ববিতা, এটিএম শামসুজ্জামান ও রুবেলসহ একঝাঁক শিল্পী অভিনয় করেন। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়। তবে এরপর গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় আর কোনো সিনেমায় অভিনয় করেননি পপি।
পরে তার পরিচালিত সিনেমায় কাজ না করলেও গাজী মাজহারুল আনোয়ারের প্রতি পপির গভীর শ্রদ্ধা ছিল বলে জানান দিঠি।
গাজী মাজহারুল আনোয়ার জীবিত থাকা অবস্থায় কয়েক বছর আগে তাকে দেখতে বাসায় গিয়েছিলেন পপি। সেদিন সেখানে শাবনম, ওমর সানী, মৌসুমীসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
দিঠি বলেন, ‘সময়টা খুব সুন্দর ছিল। আমরা গল্প করেছি, একসঙ্গে সময় কাটিয়েছি। আমিও সেখানে গান গেয়েছিলাম। পপি আপা আমার বাবাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন, যদিও তার পরিচালিত মাত্র একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এখন ফিরে তাকালে সেই স্মৃতিগুলো আরও মূল্যবান মনে হয়।’
বাবার অনুপস্থিতিতে তৈরি হওয়া শূন্যতার কথাও জানান দিঠি।
তিনি বলেন, ‘বাবা যদি এখনো বেঁচে থাকতেন, হয়তো আরও অনেক সুন্দর মুহূর্ত তৈরি হতো। তিনি চলে যাওয়ার পর অনেক কিছুই শূন্য মনে হয়। সেই শূন্যতা হয়তো কখনোই পুরোপুরি পূরণ হওয়ার নয়।’
সেই আয়োজনের স্মৃতিচারণ করেছেন পপিও। গাজী মাজহারুল আনোয়ারকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের গর্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
পপি বলেন, ‘গাজী আঙ্কেল আমাদের চলচ্চিত্র ও দেশের গর্ব ছিলেন। তিনি এখন আমাদের মাঝে নেই। তবে তার গানগুলোর মধ্য দিয়ে তিনি এখনো বেঁচে আছেন। কয়েক বছর আগে তার বাসায় সুন্দর একটি সময় কাটানোর সুযোগ হয়েছিল। দিঠির সঙ্গেও দারুণ সময় কেটেছিল।’
দিঠির গান ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেন পপি।
তিনি বলেন, ‘দিঠি খুব ভালো গান করে। তার মনটাও অনেক বড়। এমন বাবার এমন মেয়ে হওয়াটাই স্বাভাবিক। তার জন্য আমার দোয়া সবসময় আছে।’
এদিকে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ‘এমনি করে একদিন’ গানটির কাভার প্রকাশ করেছেন দিঠি । এর মধ্য দিয়ে সংগীতজীবনে আরও একটি নতুন অধ্যায় যুক্ত করেছেন তিনি।


