নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
শিশুটির পরিবার এবং স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে মধ্যপাড়া গ্রামে হঠাৎ ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হয়। এ সময় রোহান ভবানীপুর বাজার থেকে বাড়িতে ফিরছিল। পথে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. মাহাবুব আলম বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল শিশুকন্যা


