জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার সন্ধান চেয়ে জরুরি বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে অবহিত করা হয়েছে।
এদিকে, নিখোঁজ শিক্ষার্থীর কক্ষে পাওয়া সুইসাইড নোটে বিভাগের অবহেলার বিষয়ে উল্লেখ থাকায় তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ মোহাইমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। তার স্থায়ী ঠিকানা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।


