দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের ১৪ অক্টোবরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৬২ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে চট্টগ্রাম বিভাগে ২৩২, সিলেট বিভাগে ১২৬, বরিশাল বিভাগে ১৪৬, ময়মনসিংহ বিভাগে ৯৫, খুলনা বিভাগে ৯২, রংপুর বিভাগে ২৪ এবং রাজশাহী বিভাগে ২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।


