বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়েছে সহপাঠীর মরদেহ। তাকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছে সহপাঠীরা; শিক্ষকদের চোখেমুখে বিষাদের ছাপ। বুধবার বিকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ে তৈরি হয় এমন আবেগঘন পরিবেশ।
মৃত শিক্ষার্থীর নাম রাইসা তানিয়া। সে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়।
রাইসা চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, প্রায় ২০ দিন আগে রাইসা অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসার পর সে সুস্থও হয়ে ওঠে। তবে পরবর্তীতে হামের লক্ষণ নিয়ে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
প্রধান শিক্ষক আরও বলেন, বুধবার বিকালে রাইসার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হলে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। রাইসা একজন মেধাবী ছাত্রী ছিল এবং শিক্ষক ও সহপাঠী–সবার কাছেই প্রিয় ছিল।
রাইসার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষক–সবার মাঝেই নেমে এসেছে গভীর শোক। যে বিদ্যাপীঠে প্রতিদিন সহপাঠীদের সঙ্গে সময় কাটত রাইসার, সেখানেই শেষবারের মতো তাকে দেখতে এসে চোখের পানি ধরে রাখতে পারেনি তার বন্ধুরা।


