খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ শরফ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম রিয়াদ নামে সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে স্টোররুমের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম রিয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪ বেঙ্গল ইউনিটের সাবেক সদস্য ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ওই সিগারেট কোম্পানির স্টোররুমে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত রিয়াদ কলাবাগান এলাকার অবসরপ্রাপ্ত এসএসডি কুক মনসুর আহমেদের (৬৫) ছেলে। তার দুই ও চার বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


