দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে সঙ্গে নিয়ে বিশেষ এক ছবির মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারা।
ছবিতে কিয়ারা, সিদ্ধার্থ ও তাদের মেয়ে সারায়াহকে ছোট্ট এক জোড়া বেবি বুট হাতে দেখা যায়। ছবিটি পোস্ট করে কিয়ারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারের আশীর্বাদ…’
গত বছরের জুলাইয়ে প্রথম সন্তান সারায়াহর জন্মের পর এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি। প্রথমবারের মতো এবারও পারিবারিক আবহে সুখবরটি জানিয়েছেন তারা।
মাতৃত্ব তার জীবনে বড় পরিবর্তন এনেছে বলে এর আগে একাধিকবার জানিয়েছেন কিয়ারা। মা হওয়ার পর নিজেকে ‘ভিন্ন একজন মানুষ’ মনে হয় বলেও জানিয়েছিলেন তিনি। প্রথম গর্ভাবস্থাতেও কাজ চালিয়ে গেছেন এই অভিনেত্রী। টক্সিক সিনেমায় কাজের সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বৃষ্টির দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। সহশিল্পী হুমা কুরেশি সম্প্রতি কিয়ারার পেশাদারত্বের প্রশংসা করে এ তথ্য জানান।
শেরশাহ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে কিয়ারা ও সিদ্ধার্থের পরিচয় ও ঘনিষ্ঠতা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমেরে বিয়ে করেন তারা। ২০২৫ সালে তাদের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়।


