১০ বছরের পথচলার পর আলাদা পথে প্রীতম-শেহতাজ

১০ বছরের পথচলার পর আলাদা পথে প্রীতম-শেহতাজ
প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা দেওয়া বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানান দুইজন।

প্রীতম তার পোস্টে লিখেছেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের ১০ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুইজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।’

কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সেটিও জানিয়েছেন প্রীতম। তার ভাষ্যে, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুইজনের জন্য ভালো হবে।

সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় বলেও জানিয়েছেন প্রীতম। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।

আরও পড়ুন

শেহতাজও নিজের ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা থাকবে বলেও লিখেছেন।

শেহতাজ জানিয়েছেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুইজনের জন্য ভালো। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুইজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাদের পরিচয়, পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।

বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একসঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।

তবে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, বেশ কিছুদিন ধরে দুইজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত আজ দুইজনই প্রকাশ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad