কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক
তিন জলদস্যুকে আটক করে কোস্টগার্ড। ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক ও ১৭টি গুলিসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দাবি, আটকরা সংঘবদ্ধ একটি জলদস্যু দলের সদস্য।

আটকরা হলেন—মোহাম্মদ তানভীর (২১), মো. রুকমদ্দিন (৪২) ও আকতার আহমেদ (৭৮)। তারা চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার বেইস স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, ‘সোমবার মধ্যরাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদর আউলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সাগরে অবস্থানকারী বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন খবর পায় কোস্ট গার্ড। কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন লোক কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।’

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটকদের ও ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি পাঁচটি বন্দুক ও ১৭টি গুলি উদ্ধার করা হয়।’

আরও পড়ুন

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা সংঘবদ্ধ একটি ডাকাতদলের সদস্য। চক্রটির সদস্যরা অস্ত্র কেনাবেচার পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad