রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমজান (১৫) নামে এক কিশোর হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন—আহনাফ আহাম্মেদ নিরব (১৯) ও মো. সিফাত (১৯)।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল যাত্রাবাড়ী থানার মঙ্গল বেকারির সামনে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমজানকে হত্যা করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।
মামলাটি তদন্তের সময় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে মঙ্গলবার যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আহনাফ আহাম্মেদ নিরব ও মো. সিফাতকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


