২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি’ সিনেমার গান ‘কজরা রে’ এখনও দর্শকদের কাছে জনপ্রিয়। দুই দশকের বেশি সময় পরও গানটি নিয়ে আগ্রহ রয়েছে। গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও অমিতাভ বচ্চনকে।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে গানটির নতুন সংস্করণ তৈরির আগ্রহের কথা জানিয়েছেন অভিষেক।
তিনি বলেন, ‘আমি অবশ্যই এটি করতে চাই। তবে এর জন্য আমাকে ঐশ্বরিয়া ও বাবাকে রাজি করাতে হবে।’
‘কাজরা রে’ গানের শুটিংয়ের স্মৃতিও স্মরণ করেন অভিষেক। তিনি জানান, শুটিং সেটেই তার জন্মদিন উদ্যাপন করা হয়েছিল।
অভিষেকের ভাষ্য, পরিচালক শাদ আলি প্রায় চার ঘণ্টা গানটি বাজিয়েছিলেন। সবাইকে নিজেদের মতো নাচার সুযোগ দিয়েছিলেন তিনি। সেই সময় ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো পরে মিউজিক ভিডিওতে ব্যবহার করা হয়।
অভিষেক বলেন, ‘কাজরা রে’ এখন কাল্ট মর্যাদা পেয়েছে। গানটি তার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি বলেও জানান তিনি।
‘বান্টি অউর বাবলি’ সিনেমায় অভিষেক বচ্চন ও রানি মুখার্জি দুই প্রতারকের চরিত্রে অভিনয় করেন। তাদের ধরতে পিছু নেওয়া পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন।
গানটির সুর করেছেন শঙ্কর-এহসান-লয়। কণ্ঠ দিয়েছেন আলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।


