৩৯ বছর বয়সে ফুটবল থেকে পেদ্রোর বিদায়

৩৯ বছর বয়সে ফুটবল থেকে পেদ্রোর বিদায়
Advertisement
Advertisement

বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগজয়ী সাবেক স্প্যানিশ তারকা এবং বার্সেলোনা ও চেলসির সাবেক উইঙ্গার পেদ্রো রদ্রিগেজ ৩৯ বছর বয়সে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গত মৌসুম শেষে ইতালিয়ান ক্লাব লাৎসিও ছাড়ার পর থেকে কোনো ক্লাবে যুক্ত ছিলেন না তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা ও স্মৃতিময় ভিডিও প্রকাশের মাধ্যমে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।

অবসরের বার্তায় পেদ্রো লেখেন, ‘আমার মনে হচ্ছে, এখনই সেই সময়। জীবনের নতুন অধ্যায় শুরু করতে এবার এক ধাপ এগিয়ে যাওয়ার মুহূর্ত এসেছে। নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি বলে আমি গর্বিত। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ফুটবল, আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

স্পেনের তেনেরিফে জন্ম নেওয়া পেদ্রো ২০০৫ সালে কিশোর বয়সে সান ইসিদ্রো থেকে বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দেন। ২০০৮ সালে ক্লাবটির মূল দলে অভিষেকের পর কাতালান ক্লাবটির হয়ে ৩২১ ম্যাচে ৯৯টি গোল করেন তিনি। বার্সার জার্সিতে ৩টি চ্যাম্পিয়নস লিগ ও ৫টি লা লিগাসহ অসংখ্য শিরোপা জয়ের স্বাদ পান তিনি।

আরও পড়ুন

জাতীয় দল স্পেনের হয়েও সাফল্য পান এই উইঙ্গার। স্পেনের ঐতিহাসিক ২০১০ বিশ্বকাপজয়ী দল এবং ২০১২ ইউরো চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার আগে দেশের হয়ে ৬৫টি ম্যাচ খেলেন পেদ্রো।

২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে পাড়ি জমান তিনি। ব্লুজদের হয়ে পাঁচ মৌসুমে ২০৬ ম্যাচে ৪৩ গোল করার পাশাপাশি ২০১৭ সালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০২০ সালে ইতালির রোমায় এক মৌসুম কাটানোর পর যোগ দেন লাৎসিওতে। লাৎসিওর হয়ে শেষ পাঁচ মৌসুমে ২০৯ ম্যাচে ৩৯ গোল করে ক্যারিয়ারের শেষভাগেও নিজের কার্যকারিতা প্রমাণ করেন তিনি।

দুই দশকেরও বেশি সময় ধরে ক্লাব ও জাতীয় দলের হয়ে ফুটবলের সর্বোচ্চ সব সম্মান অর্জন করার পর অবশেষে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন এই স্প্যানিশ মহাতারকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad