উজবেকিস্তানের তাসখন্দে সমীকরণ মেলানোর শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। রোববার এইচ গ্রুপের এই শেষ ম্যাচে মূল পর্বে ওঠার টিকিটের জন্য জয় ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না টাইগ্রেসদের। তবে দ্বিতীয়ার্ধে ফিলিপিনোদের তোপে শেষ হয়ে যায় বাংলাদেশের সব আশা।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে ফিলিপাইন। অন্যদিকে প্রথম ম্যাচে স্বাগতিকদের হারালেও ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ফিলিপাইন। তবে চতুর্থ মিনিটে ডিফেন্ডার মৌসুমি আক্তারের দারুণ ব্লক এবং ১৬ ও ২৩ মিনিটে গোলরক্ষক মেঘলা রানী রায়ের পর পর কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। উল্টো প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে উঠে ৪৩ মিনিটে মৌসুমির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিরতির ঠিক আগে আলপি আক্তারের বাঁ পায়ের জোরালো দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে এলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।
বিরতির পরও আধিপত্য বজায় রেখে খেলা ফিলিপাইনকে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশের রক্ষণভাগ। তবে ৭৩ মিনিটে ডি-বক্সের ভেতর রক্ষণের ব্যর্থতায় আলগা বল কুড়িয়ে নিয়ে জালে জড়ান মায়া রোজ বাসকারা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ সমতায় ফিরতে মরিয়া হলে শেষ দিকে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় ফিলিপিনোরা। ৯০ মিনিটে ডান দিক থেকে কোণাকুণি শটে ব্যবধান ২-০ করেন নোয়েল গ্রানজার। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে নোয়েল নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করলে ফিলিপাইনের ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করলেও শেষ পর্যন্ত ফিলিপাইনের কাছে হেরে এক জয় ও এক পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের কিশোরীদের।


