যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রুনা আক্তারের দুর্দান্ত গোলে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। বৃহস্পতিবার তাসখন্দে অনুষ্ঠিত এ জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে এইচ গ্রুপে শুভসূচনা করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুতেই চমক দেখায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে পূর্ণিমা মারমার বাড়িয়ে দেওয়া বল নিখুঁতভাবে জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলমিনা। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি উজবেকিস্তান; ম্যাচের ১৭তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকেরা। এরপর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান ১-১ এ আটকে থাকে।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই রচিত হয় রোমাঞ্চকর নাটকীয়তা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯০+৬ মি.) মাঝমাঠ থেকে পাওয়া বাড়ানো পাস নিয়ে বক্সের ভেতর ঢুকে জোরালো শটে গোল করেন রুনা আক্তার, যা বাংলাদেশের জয় নিশ্চিত করে।
এই হারের ফলে মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেল প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হারা স্বাগতিক উজবেকিস্তান।
বাংলাদেশ আগামী ১১ অক্টোবর গ্রুপের নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ফিলিপাইনের। প্রথম ম্যাচে বড় জয়ের সুবাদে গোল ব্যবধানে এগিয়ে থাকা ফিলিপাইনের বিপক্ষে ড্র করলে চার পয়েন্ট হলেও বাংলাদেশ পিছিয়ে পড়বে। ফলে মূল পর্বের টিকিট কাটতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।


