রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রথম প্রিমিয়াম ‘আলফা স্টোর’ চালুর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে খুচরা বাজারে যাত্রা শুরু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা ব্র্যান্ড অনার।
শুক্রবার বিপণিবিতানটির ইস্ট কোর্টের চতুর্থ তলায় আধুনিক এই বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, গাজীপুরে অনারের স্থানীয় উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার পরপরই বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবে স্টোরটি চালু করা হয়েছে। এখানে অনারের স্মার্টফোন, স্মার্ট পরিধেয় ডিভাইস, ট্যাবলেট, প্রিমিয়াম অডিও ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত বিভিন্ন পণ্য সরাসরি ব্যবহারের সুযোগ পাবেন ক্রেতারা।
উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত পণ্যের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ‘অনার রোবট ফোন’। ফ্ল্যাগশিপ এই ডিভাইসে মহাকাশ প্রযুক্তির উপযোগী টাইটানিয়াম দিয়ে তৈরি চার মাত্রার ক্ষুদ্র গিম্বল ক্যামেরা ব্যবস্থা রয়েছে, যা যান্ত্রিকভাবে তিন অক্ষে ছবির স্থিতিশীলতা বজায় রাখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে বিষয়বস্তু অনুসরণ করতে পারে।
অনার বাংলাদেশের বিজনেস প্রধান আবদুল্লাহ আল মামুন জানান, নতুন এই বিক্রয়কেন্দ্রের মূল লক্ষ্য ব্যবহারকারীদের সঙ্গে নতুন প্রজন্মের প্রযুক্তির দূরত্ব কমানো এবং আধুনিক উদ্ভাবন দৈনন্দিন জীবনে কীভাবে যুক্ত হচ্ছে সে সম্পর্কে সচেতনতা বাড়ানো।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার সেন্টারপয়েন্ট বিপণিবিতানে শিগগির আরেকটি আলফা স্টোর চালুর প্রস্তুতি চলছে। এ ছাড়া গুলশান, বনানী ও ধানমন্ডির মতো গুরুত্বপূর্ণ এলাকায় নতুন স্টোর চালুর মাধ্যমে দেশজুড়ে প্রিমিয়াম বিক্রয়কেন্দ্রের নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের পাশাপাশি সরাসরি সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার ও নাহিদ হাসান।


