দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী টুকু
তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত ‘বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে নিজেদের উদ্যোগে শিল্পকারখানা ও প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত ‘বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষকে সমস্যা হিসেবে না দেখে কর্মশক্তি হিসেবে কাজে লাগাতে হবে। দেশের বিপুল জনগোষ্ঠীর হাতকে কর্মের হাতে পরিণত করা গেলে বাংলাদেশকে আরও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের কর্ম ও উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা লাভের সুযোগ করে দেয়। পাশাপাশি শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনে প্রয়োগের পথ তৈরি হয়। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নতুন নতুন উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ গড়ে উঠলে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি হবে। এর ফলে দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

আরও পড়ুন

সরকারের দায়িত্ব পালনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারে যারা দায়িত্ব পালন করছেন, তারা জনগণের অর্পিত দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্বকে ক্ষমতা হিসেবে দেখেন না; বরং জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। বর্তমান সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের সময়ে অর্থনৈতিক খাতে ব্যাপক সংকট তৈরি হয়েছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন খাতে সংকট ও মূল্যবৃদ্ধি ঘটেছে। এমন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের বিকাশে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা গড়ে তুলতে পারবেন। একই সঙ্গে দেশের শিল্প খাতের জন্য দক্ষ জনবল তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৪৮-এর সংসদ সদস্য মাহবুবা হাকিম, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, আইটিইটি বাংলাদেশের সভাপতি ও মেম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেন এবং আইটিইটি বাংলাদেশের মহাসচিব এ এস এম হাফিজুর রহমান নিক্সন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad