চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। বৃহস্পতিবার বিকালে ঢাকার ‘ইনভেস্ট বাংলাদেশ’ মিলনায়তনে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে।
চুক্তি সই অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডিপি ওয়ার্ল্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের অব্যাহত আন্দোলনের মধ্যেই এই চুক্তিটি সই হলো। চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশ সরকারকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার এককালীন ফি দেবে।

এ ছাড়া এনসিটির ব্যবস্থাপনা ও পরিচালন উন্নয়নে কোম্পানিটি সর্বনিম্ন ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং বার্ষিক ৭ লাখ ৫০ হাজার ডলার ফি দেবে।
চুক্তিতে সর্বনিম্ন রাজস্ব গ্যারান্টির পাশাপাশি স্ল্যাব ভিত্তিক রাজস্ব ভাগাভাগির ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে টার্মিনালের আয় বৃদ্ধির সঙ্গে সরকারের রাজস্বের অংশও সমানুপাতিক হারে বাড়বে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া টাইমসকে জানিয়েছেন, এনসিটি পরিচালনার জন্য সিপিএ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে চুক্তিটি এদিন বেলা সাড়ে ৩টায় সই হয়েছে।

সিপিএ-এর পক্ষে চুক্তিতে সই করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম।
এ অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমসহ দুই পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


