রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া বাণিজ্যিক কার্যক্রম বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।
একই সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপারদের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ বন্ধে নিয়মিত নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন কঠোরভাবে প্রয়োগের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজউকের সার্বিক কার্যক্রম, চলমান আবাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, আর্থিক ব্যবস্থাপনা এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
কমিটি রাজধানীতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতে রাজউককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে আবাসিক এলাকায় অনুমোদনবহির্ভূত বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
রিয়েল এস্টেট ডেভেলপারদের মাধ্যমে গ্রাহকদের হয়রানির অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের অভিযোগ মোকাবিলায় ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নিয়মিত নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের সুপারিশ করে কমিটি।
এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য প্লট দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। অতীতে প্লট বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কি না এবং এ প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে নতুন ভূমিনির্ভর আবাসন প্রকল্প গ্রহণের পরিবর্তে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের মাধ্যমে আবাসন সুবিধা সম্প্রসারণের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
পরিকল্পিত ও টেকসই নগরায়ণের লক্ষ্যে সমন্বিত ইউটিলিটি ব্যবস্থা ও ভূগর্ভস্থ ক্যাবল ব্যবস্থা, নতুন বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত ওয়াশরুম ও নামাজের স্থান নিশ্চিতকরণ এবং ঢাকার লেক সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঢাকা শহরে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।
বৈঠকে নিরীক্ষা কার্যক্রমে দীর্ঘসূত্রতায় উদ্বেগ প্রকাশ করে আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নিরীক্ষা দ্রুত সম্পন্ন ও অডিট আপত্তি নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।
বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক, রাজউক চেয়ারম্যান, সিএজি কার্যালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


